খুলনায় আচরণবিধি ভঙ্গের অভিযোগ

মন্নুজান সুফিয়ানকে শোকজের সিদ্ধান্ত

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:১১
খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইতিমধ্যে খুলনার রিটার্নিং কর্মকর্তাকে ইসির সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রতিমন্ত্রীকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোন ধরনের পত্র দেয়া হয়নি। গতকাল প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘তাকেও কারণ দর্শাতে হবে যে-তিনি কেন নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। তিনি বলেন, বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন সচিবকে অবগত করবেন। কমিশন সচিব ব্যর্থ হলে ব্যবস্থা নেবেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশন মনে করলে আচরণ বিধির ১০ নং ধারার ২ উপবিধি অনুযায়ী অভিযুক্তদের প্রার্থিতাও বাতিল করতে পারেন। সিইসি আরো বলেন, চার সিটি নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এমনকি ধর্মকেও এখানে ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে যদি কেউ উস্কানি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রাজশাহীতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বৈঠকটি সিটি করপোরেশনের আচরণ বিধির লঙ্ঘণ কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। তিনি যদি প্রচারণামূলক কোন বৈঠক করেন তাহলে তা অবৈধ বলে গণ্য হবে। প্রসঙ্গত, গত শুক্রবার খুলনা সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ সময় এলাকার আওয়ামী লীগের নেতারা ছাড়াও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী পারভীন আক্তার তার সঙ্গে ছিলেন।