বিশ্বজিত্ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্তরা হলেনঃ ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর তমাল, মোশারফ হোসেন ও কামরুল হাসান।
গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ জুন মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গতকাল কারাগারে থাকা ৮ জনের মধ্যে ৭ জনকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের শুনানির সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। গত ২৬ মে মানিকগঞ্জ থেকে এ মামলার অপর আসামি গোলাম মোস্তফা গ্রেফতার হলেও তাকে আদালতে হাজির করা হয়নি। গত ৫ ফেব্রুয়ারি এ মামলায় ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৩ জন পলাতক রয়েছেন।
অভিযোগপত্রভুক্ত কারাগারে থাকা ৮ জনের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিত্ দাস।
