পদ্মাসেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম কানাডায় গিয়ে কোন তথ্য আনতে পারেনি। দুদক টিম আবেদন করেও সংগ্রহ করতে পারেনি রমেশ সাহার ডায়েরী, সম্ভব হয়নি পদ্মাসেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার আসামী ভারতীয় বংশোদ্ভূত রমেশ এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা। গতকাল রবিবার বিকালে দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক এসব কথা জানান। এদিকে দুদকের এ সফরের ব্যাপারে দুদক চেয়ারম্যান গোলাম রহমান দাবি করে বলেছেন, তদন্তে অগ্রগতি হয়েছে। সফর সন্তোষজনক, আমি সন্তুষ্ট।
উল্লেখ্য, এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহা ও মোহাম্মদ ইসমাইলকে জিজ্ঞাসাবাদ এবং রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কাছে রক্ষিত রমেশ সাহার সেই আলোচিত ডায়েরির অনুলিপি সংগ্রহের জন্য দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ও তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল আলম ১৯ মে কানাডা যান। ২৬ মে তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল আলম দেশে ফিরে এলেও অ্যাডভোকেট আনিসুল হক ৩১ মে দেশে ফেরেন।
দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক বলেন, রমেশের ডায়েরী কানাডার আদালতের কাছে। কানাডার আদালতের এ বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় ডায়েরি পাওয়া সম্ভব হয়নি। এ বিচার শেষ না হওয়া পর্যন্ত ডায়েরী পাওয়ার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, ইসমাইল ও রমেশকে জিজ্ঞাসাবাদের ইচ্ছে ছিল দুদক টিমের। ইসমাইলের আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করা হলে ইসমাইলের আইনজীবী জানান, ‘আমার মক্কেল আপনার সঙ্গে কথা বলবে না।’ অপরদিকে রমেশের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলেননি।’ কানাডা সফরে দুদকের কোনো অর্জন নেই, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এটা আপনারা বিশ্লেষণ করে দেখুন। তবে আমরা সেখানে গিয়ে তদন্তের প্রক্রিয়া শুরু করেছি। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় তথ্য পাওয়া যেতে পারে। একারণে আবারও কানাডা সফর করতে পারে দুদকের টিম।
আনিসুল হক সাংবাদিকদের আরো বলেন, কানাডা সরকার দেশের গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে নিষেধ করেছে। কানাডীয়ানরা চান না দুদক এ বিষয়ে গণমাধ্যমের কাছে এতো বেশি কথা বলুক।
পদ্মাসেতু দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবার জড়িত থাকার যে অভিযোগ তুলেছে কানাডার একটি টেলিভিশন এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি-না জানতে চাইলে আনিসুল হক বলেন, এরকম কিছু সেখানে বলা হয়নি।
এদিকে দুদক চেয়ারম্যান গোলাম রহমান দুদক টিমের কানাডা সফর প্রসঙ্গে বলেন, দুদক টিমের সফর সন্তোষজনক। রমেশের ডায়েরী বা এর অনুলিপি সংগ্রহ করতে না পারা বা পদ্মা মামলার আসামীদের জিজ্ঞাসাবাদ না করতে পারলেও এ সফরে আমি সন্তুষ্ট। এ সফরে তদন্তের অগ্রগতি হয়েছে। কিভাবে অগ্রগতি হলো জানতে চাইলে তিনি বলেন, সেটা এখন বলা যাবে না।’
