সুস্থদেহ ও সজীব মন গঠনই এর প্রধান লক্ষ্য
লায়ন এম কে বাশার, পিএম জে এফ
চেয়ারম্যান, বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে গঠন করা যেতে পারে পৃথক ক্রীড়া ও কালচারাল একাডেমী, স্কাউটস্ গ্রুপ এবং বিএনসিসি। আমাদের শিক্ষার্থীদের শুধু একাডেমিকই নয়, শারীরিক বা সহ-শিক্ষা কার্যক্রমেও থাকতে হবে একচ্ছত্র প্রভাব এবং সেটা হতে হবে দেশ এবং সীমানা পেরিয়ে বিদেশেও। যে সাফল্যে দেশ গর্বিত হবে শিক্ষার্থী হয়ে উঠবে আত্মবিশ্বাসী। আলোকিত মানুষ হতে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। এই চর্চা আত্নবিশ্বাস বৃদ্ধি করে, অটুট রাখে স্পৃহা এবং বিকশিত করে প্রতিভা। প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, নাটক, বিতর্ক ও স্কাউটসহ বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষিত করে গড়ে তোলা উচিত। প্রতিটি শিক্ষার্থীকে পূর্ণাঙ্গভাবে মানবিক মূল্যবোধে গড়ে তোলতে হলে একাডেমিক পড়াশুনার পাশাপাশি আবহমান বাংলার সংস্কৃতি, ইতিহাস- ঐতিহ্য, সভ্যতার বিভিন্ন ধারার সঙ্গে পরিচয় ঘটাতে হবে। আর এরই তাড়নায় আমরা পৃথক কালচারাল এবং ক্রীড়া একাডেমি গড়ে তুলি। সুস্থদেহ ও সজীব মন গঠনই যার প্রধান লক্ষ্য। আমাদের কালচারাল একাডেমিতে শিশু কিশোর ম্যাগাজিন, স্কুল-কলেজ ভিত্তিক অনলাইন ম্যাগাজিন, ই লাইব্রেরি রয়েছে যাতে করে শিক্ষার্থীরা বিশ্ব পরিবেশের সাথে পরিচিতি লাভ করতে পারে, পারস্পরিক সংস্কৃতি বিনিময় করতে পারে, বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে পারে।
