গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই শিশুর মা টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মিল্টন ফকির পলাতক রয়েছেন।
ওই শিশুর মা বলেন, আমার স্বামী ওমান প্রবাসী। তাই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকি। বৃহস্পতিবার ইফতার শেষে পাশের বাড়িতে পানি আনতে যাই। এ সময় আমার মেয়ে বাড়ির উঠানে বসে খেলা করছিলো। বাড়িতে কেউ ছিলো না। এ সুযোগে প্রতিবেশী হাসেম ফকিরের ছেলে মিল্টন ফকির আমার মেয়েকে ফুসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
আরও পড়ুন: স্ট্যাচু অব লিবার্টির আদলে তৈরি হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
তিনি আরও বলেন, মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় মিল্টনের পরিবারের লোকজন বাধা দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আমার মেয়েকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে রাত ৯টার দিকে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি।
গোপালগঞ্জ জেনালের হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, ৬ বছরের এক শিশু ধর্ষণের আলামত নিয়ে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হয়েছে বলে শুনেছি। ওই শিশুর মেডিকেল পরীক্ষা করা হবে। তারপরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামুল কবীর বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত মিল্টন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ
