রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে ঘিরে হেফাজতে ইসলামের সরকারবিরোধী প্রচারণা চলছেই। হেফাজতের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন। এ সময় তারা সরকারকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে রুখে দাঁড়ানোর এবং বিরোধী দলের মেয়র প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। গত শুক্র ও শনিবার নগরীর তেরখাদিয়া, ছোটবনগ্রাম, মেহেরচণ্ডী, বুধপাড়ায় এবং রবিবার চকপাড়া, বিনোদপুর, ধরমপুর, কাজলা, বাজে কাজলা, তালাইমারী, সাধুরমোড়, মোন্নাফের মোড় এলাকায় হেফাজতের কর্মীরা এমন প্রচারণা চালান বলে ভোটাররা জানিয়েছেন। হেফাজতের নারী-পুরুষ কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারবিরোধী লিফলেট বিতরণ ও নারী ভোটারদের ধর্মীয় কথাবার্তা বলে পক্ষে টানার চেষ্টা করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিযোগ করেন।
এদিকে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতির ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক্ষেত্রে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। তবে আরএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হেফাজতের ধর্মীয় প্রচারণা বন্ধে পুলিশ মাঠে কাজ করছে।
