নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের ২টি নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। গত রবিবার রাতে অভিযান চালিয়ে ক্যাম্প দুইটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া ফেইসবুকে কামরানের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও ইকবাল হোসেনের নেতৃত্বে নির্বাচনী ডিজিল্যান্স টিমের সদস্যরা গত রবিবার রাতে অভিযানে নামে। নগরীর প্রায় সবকটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় তারা আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না এ বিষয়ে খোঁজ নেন। অভিযানকালে আচরণবিধি লংঘন করে ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী ক্যাম্প স্থাপন করার অভিযোগে ৫ ও ১৯ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের ২টি নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
