সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার অনুমোদনের বিষয়ে চার মাসেও সিদ্ধান্ত না দেয়ায় আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবের নিকট ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। ১৮ জুনের মধ্যে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এছাড়া ওই মামলার তিন আসামি মো. সোহান হাফিজ, মো. আবু সুফিয়ান ও আ. জব্বার রাজিবের জামিন মঞ্জুর করেছে আদালত।
আইনজীবী মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা দায়ের এবং অভিযোগ গঠনের পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয়। গত ২ ফেব্রুয়ারি বিচারিক আদালত অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠায়। কিন্তু এখনো ওই অনুমোদনের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। এ কারণে হাইকোর্ট এ বিষয়ে দুই সচিবের নিকট ব্যাখ্যা চেয়েছেন। প্রসঙ্গত, হিযবুত তাহরীরের লিফলেট ও বই বিতরণের অভিযোগে গত বছরের ১৩ আগস্ট র্যাব-২-এর ডিএডি মো. দেলোয়ার হোসেন রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখিত তিনজনকে গ্রেফতার দেখানো হয়।
