এবার নিজামীর সাবেক পিএসকে বাধ্যতামূলক অবসরদান

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪৩
জনপ্রশাসনের যুগ্ম সচিব শফিউল্লাহকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর আমীর এবং সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর একান্ত সচিব ছিলেন। এর আগে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের একান্ত সচিব নাসিমুল গনিকে অবসর দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, তাদের বিরুদ্ধে সরকারের বিপক্ষে চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। আরো কয়েকজন কর্মকর্তাকে অবসর দেয়ার কথা জানা গেছে। এর মধ্যে বিএনপি আমলের একজন আইন মন্ত্রীর একান্ত সচিবও রয়েছেন। এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ায় দুই প্রশাসককে বদলি করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদ রেজা খানকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হোসেন এবং উত্তর সিটি করপোরেশনে রাজউকের সদস্য অতিরিক্ত সচিব আখতার হোসেনকে সোমবার নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় দক্ষিণে এবং উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত সচিব একেএম মোজাম্মেলকে নিয়োগ দেয়া সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।