আগে থেকেই জানা ছিল, আসছেন নেইমার। শুধু জানা ছিল না, ট্রান্সফার ফি; গতকাল সোমবার সেটাও জানা হয়ে গেল। ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গতকাল লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজদের ন্যু ক্যাম্পে আসলেন নেইমার।
সমর্থকদের অভিনন্দনের মধ্য দিয়ে গতকাল দুপুর নাগাদ বার্সেলোনা ফুটবল ক্লাবে পৌঁছান একুশ বছর বয়সী নেইমার। ন্যু ক্যাম্পে টানা চারবারের বর্ষসেরা ফুটবলার আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন তিনি। বিশ্ব বর্তমান প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান দুই ফুটবলারকে ক্লাব ফুটবলে একসাথে জুটি গড়তে দেখবে। বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা মনে করছেন, নেইমারের বেড়ে ওঠার জন্য এটাই সবচেয়ে আদর্শ জায়গা, ‘বার্সেলোনায় নেইমার আসায় আমরাই সবচেয়ে বেশি লাভবান হবো। কারণ, নেইমার বেশ প্রতিভাবান একজন খেলোয়াড়। ডিফেন্স ভেদ করার দারুণ ক্ষমতা থেকে শুরু করে গোল করা আর বিনোদন সবই আছে তার মধ্যে। সে বয়সে এখনও তরুণ। তার সামনে এখনও অনেক দূর যেতে হবে। আর আমার মতে বেড়ে ওঠার জন্য বার্সেলোনাই আদর্শ জায়গা’।
বার্সেলোনা নেইমারের উপর আস্থা আছে বলেই তাকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন ইনিয়েস্তা, ‘আমার মতে নেইমারকে তার মতোই খেলতে দেয়া উচিত্। এটা তার জন্য সুসংবাদ যে আমরা তার উপর ভরসা করছি; বার্সেলোনা তার উপর ভরসা করছে। আর এখানে সে এমন একটা পরিবেশ পাবে যার ফলে সে সময়ের সাথে সাথে আরও ভাল ফুটবল খেলতে পারবে।’
আর নেইমার আসায় মেসি আগের থেকে ভাল ফুটবল খেলতে পারবেন বলে মনে করছেন ইনিয়েস্তা, ‘গ্রেট খেলোয়াড়রা সবাই একে অপরকে ভাল বুঝতে পারেন। মেসি এবং নেইমার একে অপরের জন্যই গুরুত্বপূর্ণ। একজনের উপস্থিতি আরেকজনের খেলায় প্রভাব রাখবে।’
