চেলসিতে ফিরলেন মরিনহো

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৪৮
হোসে মরিনহো আবারো চেলসির কোচ হিসেবে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। পর্তুগিজ এই কোচ রিয়াল মাদ্রিদ ছাড়ার কয়েক ঘণ্টা পরই লন্ডনে এসে চুক্তির সর্বশেষ খুঁটিনাটি চূড়ান্ত করেন। গত রাতেই তাকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চেলসি কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার কথা ছিল। মরিনহো তার সাথে কোচিং স্টাফ হিসেবে মাদ্রিদ থেকে রুই ফারিয়া, সিলভিনো লোউরো এবং হোসে মোরাইসকে নিয়ে এসেছেন। বৃটেনের ডেইলি মেইল গতকাল জানায়, মরিনহো এরই মধ্যে ছক কষতে শুরু করেছেন কিভাবে ২০১০ মৌসুমের পর চেলসিকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো যায়। লন্ডনের ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘চেলসি ফুটবল ক্লাব হোসে মরিনহোকে মূল একাদশের ম্যানেজার হিসেবে নিযুক্ত করে আনন্দিত। মরিনহো চার বছরের চুক্তিতে সই করেছেন এবং ফিরবেন সেই ক্লাবে যেখানে তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সালের মধ্যে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন।’ বৃটেনের ‘দ্য সান’ পত্রিকা দাবি করে পর্তুগিজ এই কোচ তার সাম্প্রতিক লন্ডন সফরের সময় গত মঙ্গলবার চুক্তিবদ্ধ হন। তাকে এই সফরের সময় ওয়েম্বলিতে গত সোমবার ক্রিস্টাল প্যালেস ও ওয়াটফোর্ডের মধ্যকার খেলাটিতে উপস্থিত থাকতে দেখা যায়। পত্রিকাটিকে চেলসি ক্লাবের এক সূত্র জানায়, ‘ব্যাপারটা এখন আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন। জোসে মরিনহো এখন আবার চেলসির হলেন। তার প্রত্যাবর্তনে ক্লাব, খেলোয়াড় ও সমর্থক সবাই আনন্দিত।’ চেলসির প্রধান নির্বাহী রন গোউরলে এর সাথে যোগ করেন, ‘আমি হোসের চেলসি প্রত্যাবর্তনে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার অব্যাহত সাফল্য, চেষ্টা ও আকাঙ্ক্ষার কারণে তিনি সুবিদিত একজন কোচে পরিণত হয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আরো বৃহত্তর সাফল্যের মাধ্যমে ক্লাবটিকে সামনের দিকে নিয়ে যাওয়া। আমরা মনে করি এ লক্ষ্যে তিনিই হচ্ছেন আমাদের যথার্থ এবং এক নম্বর পছন্দ। তিনি ছিলেন এবং ভবিষ্যতেও ক্লাবে বিপুল জনপ্রিয় এক ব্যক্তি হিসেবে থাকবেন।’ ইংলিশ ক্লাবটিতে খুব কম সমর্থকই পাওয়া যাবে যারা পোর্তো ও ইন্টার মিলানেও কোচ হিসেবে কাজ করা মরিনহোর নিয়োগে নাখোশ হবেন। বৃটিশ টেবলয়েড দ্য সান সবার আগে জানিয়েছিল মরিনহো চার বছরের চুক্তিতে চেলসিতে সই করেছেন। এর মূল্য চার কোটি পাউন্ড (ছয় কোটি ১০ লাখ ডলার)। এর আগে রিয়াল মাদ্রিদের বিদায়ী কোচ মরিনহো শেষবারের মতো স্প্যানিশ গণমাধ্যমকে দোষারোপ করে জানালেন তারা ইচ্ছাকৃতভাবে তাকে ভুলভাবে উপস্থাপন করে। ওসাসুনার বিরুদ্ধে গত শনিবারের খেলাটিতে তার কারণে স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস, পেপে ও ক্রিস্টিয়ানো রোনালদো ঠাঁই পাননি বলে স্প্যানিশ গণমাধ্যমে লেখা হওয়ার প্রেক্ষিতেই পর্তুগিজ কোচ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু স্প্যানিশ টেলিভিশনের ‘পুন্টো পেলোটা’ অনুষ্ঠানে মরিনহো দাবি করেন ক্লাবের মেডিক্যাল কর্মীরা তাদের আনফিট ঘোষণা করেন। সান্তয়াগো বার্নাবুতে কোচ হিসেবে নিজের শেষ খেলায় অধিকাংশ দর্শক তাকে দুয়োধ্বনি দিলেও ক্লাবের রক্ষণশীলদের কাছ থেকে জোরালো সমর্থন পান। শুধু তাই নয় তারা মরিনহোর নাম ধরে গান গায় পুরো খেলায়। এর মধ্যে আবার একজন তার নামাংকিত একটি ব্যানারও উচিয়ে ধরেন। তিন মৌসুম থেকে কেবল একটি লিগ শিরোপা এবং একবার কোপা ডেল রে জয় করা মরিনহো অবশ্য এতকিছুর পরও মাদ্রিদের জন্য শুভ কামনা জানিয়ে আসেন। —এএফপি