পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের হতাশ করা ফুটবল অব্যাহত থাকে সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচটিতেও। প্রায় ৬০ কোটি ডলারের সংস্কার কাজ শেষে নতুনভাবে যাত্রা শুরু করা মারাকানা স্টেডিয়ামে প্রথম আনুষ্ঠানিক ম্যাচে গত রবিবার দলটি ২-২ গোলের ড্রয়ে বাধ্য হয়।
লুই ফেলিপে স্কলারি গত নভেম্বরে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর এই খেলাটির প্রথমার্ধেই সম্ভবত ব্রাজিল তাদের সেরা নৈপুণ্য দেখায়। তবে দারুণ সব আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে কাঁপিয়ে দিলেও স্বাগতিকরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এ অর্ধে। ফলে প্রায় আড়াই বছর পর ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে।
সেলেচাওরা দ্বিতীয়ার্ধে প্রায় শুরুতেই গোলের দেখা পেয়ে যায়। স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে দলকে এগিয়ে নেন ফ্রেড। এর দশ মিনিট পরই ইংল্যান্ডকে সমতায় ফেরান বদলী খেলোয়াড় অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন। অ্যালেক্স আগেই বলেছিলেন মারাকানা নিয়ে তার আবেগের কথা। এর কারণ ১৯৮৪ সালে মারাকানায় ব্রাজিল-ইংল্যান্ড সর্বশেষ যেবার মুখোমুখি হয়েছিল, তাতে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন অ্যালেক্সের বাবাও। তাইবলে শুধু আবেগে ভেসে যাননি অ্যালেক্স। বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করে বুঝিয়ে দিয়েছেন ইংল্যান্ড দলে স্থায়ীভাবেই থাকতে এসেছেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দারুণ খেলতে থাকা সফরকারিরা ৭৯ মিনিটে এগিয়ে যায় ওয়েইন রুনির হাত ধরে। ব্রাজিলের অর্ধের শুরুতে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে রুনির বক্সের অনেকটা বাইরে থেকে যে শট নেন, সেটা তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না ব্রাজিল গোলরক্ষক সিজারের। তখন মনে হচ্ছিল ’৮৪ সালের সেই লড়াইয়ের মতোই জয় নিয়েই মাঠ ছাড়বে ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের স্বপ্ন ভেঙ্গে দিয়ে মিনিট তিনেক পরেই সমতা ফেরান পলিনহো।
স্কলারি দায়িত্ব নেয়ার পর ব্রাজিল এ পর্যন্ত শুধু বলিভিয়ার সাথেই জিততে পেরেছে। হিসেবের খাতায় সর্বশেষ ছয় ম্যাচে একটি মাত্র জয় ব্রাজিলের। এছাড়া ফেব্রুয়ারিতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। খেলা শেষে স্কলারি ফলাফলের চাইতে দলের ধারাবাহিক উন্নতির দিকেই বেশী গুরুত্ব দিলেন। বিশ্বকাপ জয়ী এই কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা অসাধারণ ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে যা হয়েছে আমার ভাল লাগেনি এবং আমি চাইনি। আমাদের দলটি অনেক জায়গা ছেড়ে দিয়েছিল এবং প্রতিপক্ষকে লাগাম হাতে নেয়ার সুযোগ করে দিলে তারা গোল পেয়ে যায়।’
তবে সমর্থকরা দুয়ো ধ্বনি দিয়েছে স্কলারিকে উদ্দেশ্য করে। এই প্রসঙ্গে স্কলারি বলেন,‘অবশ্যই সমর্থকরা দলের জয় চায়। গোল দেখতে চায় তারা এবং জয় আশা করে। কিন্তু আমরা বুঝি ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা কতটা কঠিন।’
ডেম্পসের জোড়া গোলে যুক্তরাষ্ট্রের জয়
ক্লিন্ট ডেম্পসের জোড়া গোলে গত রবিবার ওয়াশিংটনে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে তারকাবিহীন জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে দেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডেম্পসের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। জার্মানি প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কোচ জোয়াকিম লো’র দল দ্বিতীয়ার্ধে দারুণ খেলা উপহার দিলেও বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি হারের বিস্বাদ নিয়ে মাঠ ত্যাগ করে।
