জেএমবি উপ-প্রধানসহ চার জনের তিন বছর কারাদণ্ড

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:১৯
কুড়িগ্রামে সিরিজ বোমা হামলার আসামি ও জেএমবি উপ-প্রধান মতিন মেহেদীসহ ৪ জেএমবি সদস্যের ৩ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশসহ ৩ হাজার করে টাকা জরিমানা করেছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মতিন মেহেদী (৪৮), মোঃ মনোয়ার হোসেন বিপ্লব (২৮), মোঃ আনোয়ার হোসেন (২৬) ও মোঃ জোবেদ আলী ওরফে জোবায়ের (২২)। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৯ এপ্রিল কুড়িগ্রাম জজ কোট এলাকায় সিরিজ বোমা হামলার ঘটনায় মতিন মেহেদীসহ ৪ জনকে শহরের হাটিরপাড় এলাকার তোতা মিয়ার বাড়ী থেকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের জবানবন্দী অনুযায়ী ৪৫ জনকে অভিযুক্ত করে বিচার কাজ শুরু হয়। দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত বিশেষ ক্ষমতা আইনে ৪ জনকে সর্বোচ্চ সাজা তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ রায় দেন। বাকী আসামীদের ৫ জন পলাতক ও ৩৬ জনকে বেকসুর খালাসের রায় দেয়া হয়।