বাজেটে আসছে স্থায়ী পে অ্যান্ড সার্ভিস কমিশনের ঘোষণা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:৫০
আগামী অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন গঠনের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, টার্মস অ্যান্ড কন্ডিশনস এখনো ঠিক হয়নি। তবে এই বাজেটেই ‘স্থায়ী পে অ্যান্ড সার্ভিস কমিশন’ গঠনের ঘোষণা দেয়া হবে। স্থায়ী কমিশন গঠিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে কমিশন বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করবে। সরকার তা বাস্তবায়ন করবে। তখন আর কয়েক বছর পর পর কমিশন গঠনের প্রয়োজন হবে না। সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঐক্য পরিষদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস খান ও মহাসচিব রুহুল আমিন। আগামী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। গ্রামীণফোনের অংশীদার প্রতিষ্ঠান টেলিনরের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বেসরকারি মোবাইল কোম্পানি গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোন ইচ্ছা নেই সরকারের। তাদের সঙ্গে থ্রি-জি লাইসেন্স ও গ্রামীণফোন প্রসঙ্গে গ্রামীণ কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ কমিশনের প্রতিবেদনের বিষয়ে তারা অখুশি। তবে আমি তাদের এই বলে আশ্বস্ত করেছি যে, গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোন ইচ্ছাই সরকারের নেই। বৈঠকে টেলিনরের প্রধান (এশিয়া) সিগভে ব্রেককে এবং গ্রামীণফোনের সিইও বিবেক সুধসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে থ্রি-জি লাইসেন্সের ভ্যাট কমানোর বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে আশ্বাস চাওয়া হয়েছে।