আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড় বেড়ে গেছে। চট্টগ্রাম মহানগর ও জেলার ১৬ আসনের বর্তমান সংসদ সদস্যদের এলাকায় বেড়ে গেছে গণসংযোগ। এ সকল আসনে নতুন করে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের তত্পরতা লক্ষণীয়। বিভিন্ন এলাকা ও গ্রামে-গঞ্জে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের পদচারণা পূর্বের তুলনায় বেড়ে গেছে। রাজনৈতিক দলের সভা-সমাবেশ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এবং পারিবারিক অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। অনেকে দাওয়াত ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে। কেউই আগামী নির্বাচনের বিষয়ে কিছু না বললেও তাদের সাথে আসা লোকজনরা এমনটাই জানাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্তমান সংসদ সদস্যরা এলাকায় তাদের যাতায়াত ও লোকজনের সুখ-দুঃখের খবর নেয়ার মাত্রাও বাড়িয়ে দিয়েছেন। যাদেরকে গত প্রায় সাড়ে ৪ বছরে তেমন একটা দেখা না গেলেও বর্তমানে তাদের সরব উপস্থিতিতে সকলের নজরে আসছে। বিভিন্ন সংসদীয় এলাকার বর্তমান সংসদ সদস্য গত ৪ বছর ধরে দায়িত্ব পালনকালে এলাকার জনগণের জন্য কী কী কাজ করেছেন তার বিস্তারিত বিবরণ দিয়ে পুস্তিকা প্রকাশ করেছেন। এছাড়াও এলাকার জন্য আগামীতে তারা কী করবেন তাও পুস্তিকাতে উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন মনোনয়ন প্রত্যাশীরাও বসে নেই। তারা ব্যক্তিগতভাবে এলাকার জন্য কী অবদান রেখেছেন এবং আগামীতে কী করবেন তা বুকলেট ও পুস্তিকা আকারে প্রকাশ করে বিলি করছেন।
এদিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসসলাম বিএসসি ‘দিন বদলের ৪ বছর’ নামে চার রঙা স্মরণিকা প্রকাশ করেছেন। এতে গত ৪ বছরে তার সংসদীয় এলাকার কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন দেয়া হয়েছে। তাছাড়া জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতি অপেক্ষাকৃত বেশি মনোনিবেশ করেছেন বর্তমান সংসদ সদস্যরা। জনগণের সমস্যাগুলোর সাথে নিজেদের সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।
