প্রায় সোয়া বছর বর্জনের পর বিরোধী দলের যোগদানের মাধ্যমে বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদ উত্তাপ ছাড়ানোসহ প্রাণবন্ত হয়ে উঠে। কিন্তু মাত্র সোয়া দু’ঘণ্টার মাথায় প্রাণবন্ত সংসদ অনেকটা নিস্প্রভ হয়ে গেল। সভা-সমাবেশ নিষিদ্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাত আটটায় বিরোধী দল ওয়াকআউট করে। গতকাল সোমবার রাতে সংসদ অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করার পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র সদস্য তোফায়েল আহমদ ও অধ্যাপক আলী আশরাফ। তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, আমি বিস্মিত, লজ্জিত। অবাক হয়ে গেলাম। কি কারণে বিরোধী দল ওযাকআউট করলো তা আমার বোধগম্য নয়। আর মাত্র ৮ দিন সংসদে অনুপস্থিত থাকলে তাদের সদস্যপদ চলে যেতো। সদস্যপদ রক্ষা করতেই তারা সংসদে যোগদান করেন। সদস্যপদ রক্ষা করতেই যে তাদের সংসদে যোগদান-এটাই আমরা প্রমাণ পেলাম।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যে কতবড় সুবিধাবাদী রাজনীতি করে তা তারা ওয়াকআউট করে দেখিয়ে গেল। সভা-সমাবেশ নিষিদ্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মওদুদ আহমেদ যে বক্তব্য রেখেছেন তা স্ববিরোধী। অসত্ উদ্দেশ্য নিয়ে কেউ সভা-সমাবেশ করতে চাইলে অনুমতি দেয়া যায় না। বিএনপি সভা-সমাবেশের নামে অশুভ শক্তিকে প্রশ্রয় দিয়েছে। এমনকি তারা সেনাবাহিনীকে ইঙ্গিত করেও বক্তব্য রেখেছেন।
তোফায়েল আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য আমরাও সরাসরি সমর্থন করিনি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির মুলতবি প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সন্ধ্যা সাতটার সংবাদে জানতে পারলাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি যে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলো তা তারা প্রত্যাহার করে নিয়েছে। অথচ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বিএনপি যদি এ ইস্যুতে আলোচনা করতে চায় তাতে আমরা রাজি। কিন্তু এখন দেখছি বিএনপিই ওই ইস্যু নিয়ে সংসদে আলোচনা করতে রাজি নয়।
এদিকে অধ্যাপক আলী আশরাফ বলেন, বিরোধী দল ওয়াকআউটের যে দৃষ্টান্ত স্থাপন করলো তা হাস্যকর। এর মধ্যে কি উদ্দেশ্য রয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। আমরা বিরোধী দলের এ ওয়াকআউটের তীব্র নিন্দা জানাই। গতকাল রাতে প্রশ্নোত্তর পর্ব শেষে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তব্য রাখার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার ফ্লোর দেয়ার পর মওদুদ আহমদ সভা-সমাবেশ নিষিদ্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সকল সদস্যদের নিয়ে ওয়াকআউট করেন।
