তাইওয়ানে সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:৫৩
তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ান আত্মহত্যার চেষ্টা করেছেন। কারাগারের একটি বাথরুমে তোয়ালে পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। কিন্তু দায়িত্বরত ওয়ার্ডেন ঘটনাটি দেখে ফেলায় তার সেই চেষ্টা ব্যর্থ হয় বলে তাইওয়ানের বিচার মন্ত্রণালয় থেকে জানানো হয়। খবর বিবিসির। সোমবার বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তেইচুং কারাগারে রবিবার রাতে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। সাবেক প্রেসিডেন্ট চেন দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি এই দণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। দণ্ডের প্রতিবাদে তিনি আত্মাহুতির চেষ্টা চালান বলে বিবৃতিতে বলা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে বিবৃতিতে দাবি করা হয়। কারা কর্তৃপক্ষ চেনের বিষণ্নতা দূর করতে একজন মনোচিকিত্সক নিয়োগ দিয়েছে। বর্তমানে তার মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত চেন তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন।