সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়

চালা উড়ে গেছে ঝড়ে, শিক্ষার্থীরা ক্লাস করছে খোলা আকাশের নিচে

আপডেট : ১০ মে ২০১৯, ২১:২৬

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে খোলা আকাশের নিচে ক্লাস করছে শহরের ফকিরটিলা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি দুই সপ্তাহ ধরে ক্লাস করার পাশাপাশি খোলা আকাশের নিচে প্রথম সাময়িক পরীক্ষাও দিয়েছে তারা। গত ১৭ এপ্রিল কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনের চালা উড়িয়ে নিয়ে গেলেও আজ পর্যন্ত তা পুনঃস্থাপিত হয়নি। রোদ-বৃষ্টি থেকে শিশুদের রক্ষা করতে বিদ্যালয়ের একটি কক্ষে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি ত্রিপাল টানিয়ে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও তা টিকেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার বঞ্চিত ও ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে ২০০৯ সালে শহরের ফকিরটিলা এলাকায় মরহুম সুনু মিয়া চৌধুরী নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বাগবাড়ী এলাকার ব্যবসায়ী সুনু মিয়া চৌধুরীর ছেলে সাইফুর রহমান চৌধুরী খোকন। প্রতিষ্ঠার পর থেকে সন্তোষজনক ফলাফলও করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদ্যালয়ে ২১০ জন শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষিকা কর্মরত রয়েছেন।

এ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগ বেদে সম্প্রদায়ের শিশু। এ ছাড়া ফকিরটিলা, রাজগাঁও, টেকি, বেদেপল্লী ও কাটা বিলসংলগ্ন এলাকার শিশুরাও এ বিদ্যালয়ে আসে লেখাপড়া করতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবনাজ সুলতানা জানান, এ বিদ্যালয়ে তিনিসহ আরো ২ জন শিক্ষিকা নিয়মিত পাঠদান করে আসছেন। বিগত ২ বছর ধরে তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। শুধু শিশুদের মুখের দিকে চেয়ে এবং বিদ্যালয়টি সরকারিকরণ হবে এ প্রত্যাশায় তারা সব কষ্ট সহ্য করে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন। তিনি দুঃখ প্রকাশ করে জানান, বিদ্যালয়ের শিক্ষকদের বসার মতো কোনো চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় আসবাবপত্র এখানে নেই। নেই বিদ্যুত্ ও পানির সুব্যবস্থা। ওয়াশরুম না থাকায় অনেক সময় তাদের মারাত্মক অসুবিধায় পড়তে হয়। তিনি বিদ্যালয়টি দ্রুত সরকারিকরণের দাবি জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল মিয়া জানান, আর্থিক সমস্যার কারণে এ বিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নিতে খুব বেগ পেতে হচ্ছে। তৃতীয় ধাপে এ বিদ্যালয়টি সরকারিকরণের জন্য তালিকাভুক্ত হয়। কিন্তু অজ্ঞাত কারণে তা সরকারিকরণ হয়নি। বিদ্যালয়টি সরকারিকরণ হলে বিদ্যালয়ের আশপাশের ৭-৮টি গ্রামের বঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।