শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় স্ত্রী লাকি বেগমের হত্যাকারী স্বামী নূরুল আমিন হাওলাদারকে খুলনা থেকে শরণখোলা থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার এসআই সুদেব পাল জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রথমে নূরুল আমিনের অবস্থান সনাক্ত করা হয়। পরে সোনাডাঙ্গা থানার পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে শরণখোলায় নিয়ে আসা হয়।
এর আগে ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া সাতঘর এলাকার নিজ বসতঘরে নূরুল আমিন তার স্ত্রী লাকি বেগমকে গলাকেটে হত্যা করে। পরে ঘাতক তার দুই সন্তান আট বছরের ছেলে জিহাদ ও দুই বছরের মেয়ে জেরিনকে এক বোনের বাসায় রেখে পালিয়ে যায়।
লাকি হত্যার ঘটনায় তার ভাই নূরুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ভগ্নিপতি নুরুল আমিনসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে শরণখোলা থানায় একটি হত্যা মামলা করেন।
