সামরিক অনুশীলনের জন্য সিরিয়া-জর্দান সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং এফ-১৬ জঙ্গি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সীমান্তে সংঘাত বৃদ্ধি পাওয়ায় অনুশীলন শেষেও অস্ত্রগুলো সেখানে মোতায়েন রাখারও সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেন, ‘জর্দান সীমান্ত বরাবর সহিংসতা বৃদ্ধি পাওয়ায়’ সেখানে অস্ত্রগুলো রেখে দেয়া হতে পারে। তবে এখনো এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরো জানান, কোনো অনুরোধ পেলে আমাদের ঘনিষ্ঠ মিত্র জর্দানের সীমান্তে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে অনুশীলন শেষে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতার জন্য অস্ত্রগুলো সেখানে মোতায়েন রাখা হতে পারে। তবে সেখানে কত সংখ্যক এফ-১৬ জঙ্গি বিমান পাঠানো হবে তা জানাননি তিনি। উল্লেখ্য, এই বছরের প্রথম দিকে ন্যাটো সিরিয়া-তুুরস্ক সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া ‘পুরোপুরি অন্তঃস্ফোটনের’ ঝুঁকির মধ্যে রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে নতুন রিপোর্ট পেশ করবে বলে জানা গেছে। ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে, এই রিপোর্টে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অনেক প্রমাণ থাকবে। এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জোর কূটনৈতিক তত্পরতা সত্ত্বেও চলতি মাসের শান্তি আলোচনার জন্য বৈঠকের তারিখ ঠিক করতে পারেনি কূটনীতিকরা।
