রাজৈরে যুবক খুন

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে প্রতিপক্ষের হাতে সোহেল হাওলাদার নামে এক যুবক খুন হয়েছেন। অভিযোগ উঠেছে চেয়ারম্যানের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম, অভ্যন্তরীণ কোন্দল ও উপজেলা নির্বাচনের জের ধরে সোহেলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় চেয়ারম্যান ও তার লোকেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারে। নিহত সোহেল বাজিতপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বাজারে পোলট্রি মুরগি ব্যবসা করতেন।

নিহতের বড় ভাই বাবু হাওলাদার জানান, পূর্বপরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকেরা আমার ভাইকে বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

ওসি মো. শাহজাহান মিয়া জানান, অভ্যন্তরীণ কলহের জেরে চেয়ারম্যান ও তার লোকেরা সোহেলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে মামলা হয়েছে।

এদিকে ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।