জলাবদ্ধতা নিরসনে রাজধানীতে দুটি পাম্প বসাচ্ছে ওয়াসা

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:২৭
বর্ষা মৌসুমে রাজধানীর সড়কগুলোতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে জন্য রামপুরা ও কমলাপুরে দুটি স্থায়ী ‘স্টর্ম ওয়াটার পাম্প স্টেশন’ নির্মাণ শুরু করেছে ঢাকা ওয়াসা। গতকাল মঙ্গলবার ওয়াসা ভবন মিলনায়তনে ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এ তথ্য জানান। বর্তমানে সংস্থাটি নগরীর চাহিদার তুলনায় বেশি পরিমাণ পানি উত্পাদন করছে বলেও তিনি দাবি করেন। প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসার দৈনিক পানি উত্পাদন ক্ষমতা ২৪২ কোটি লিটার। আর বর্তমানে ঢাকায় পানির চাহিদা দৈনিক ২২৫ কোটি লিটার। যার পুরোটাই ঢাকা ওয়াসা পূরণ করছে। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ডিএমডি (প্রশাসন) আতাউর রহমান, ডিএমডি (অপারেশন) কামরুল আলম চৌধুরী ও প্রধান প্রকৌশলী মো. শাজাহান। ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষর (ওয়াসা) এমডি বলেন, পরিবেশগত কারণে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ উত্স থেকে পানি উত্তোলন কমিয়ে ভূউপরিস্থ উেসর পানির দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে তারা মোট পানির শতকার ২২ ভাগ ভূউপরিস্থ উত্স থেকে সংগ্রহ করছে। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টি হলে রাজধানীতে কিছু সময়ের জন্য জলাবদ্ধতা হবেই। এ সময় তিনি দুটি পাম্প স্টেশন নির্মাণসহ চলতি বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান। পবিত্র রমজান মাসে রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে এমডি সাংবাদিকদের জানান। এ জন্য ইফতার ও সেহরির সময় ট্রলি বা ভ্যানগাড়িতে করে জনসমাগম স্থলে পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শহরের মসজিদগুলোতে সার্বক্ষণিক পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। পানির গাড়ি, ট্রাক্টর ও জেনারেটর সচল রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ছাড়াও এ সময় বিশেষ ফোন নম্বর ওয়াসালিংক-১৬১৬২ এবং ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘন্টা খোলা রাখা হবে বলে তিনি জানান।