আগামী অর্থ বছরের বাজেটে কালো টাকা বৈধ করার সরকারি উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই উদ্যোগকে অসাংবিধানিক, বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক আখ্যা দিয়ে এই বিধান না রাখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নামমাত্র কর দিয়ে আবাসন খাতে এই সুযোগের যে কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকারের অঙ্গীকারের পরিপন্থী। এই উদ্যোগ সত্ পথে উপার্জনকারী নাগরিকদের প্রতি বৈষম্যমূলক। এর ফলে আবাসন খাত দুর্নীতিবাজ ও অবৈধতার করায়ত্ত হবে।
বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৭ বার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। প্রতিটি সরকারই অবৈধ উপার্জনকারীদের পৃষ্ঠপোষকতা করে আসছে। এ কারণে সাধারণ মানুষ আইন ও নৈতিকতার প্রতি ক্রমাগত শ্রদ্ধা হারাচ্ছে। অন্যদিকে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ও মূল্যবোধের অবক্ষয় হচ্ছে।
