আত্মহত্যা করলেন বলিউড অভিনেত্রী জিয়া খান

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩২
বলিউডের এ সময়ের প্রতিভাবান অভিনেত্রী জিয়া খান গত ৩ জুন সোমবার রাতে আত্মহত্যা করেছেন। ভারতের মুম্বাইয়ের জুহুস্থ নিজ বাসভবন থেকে সেদিনই রাত প্রায় ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে পুলিশ কোনো সুইসাইড নোট পায়নি। পরে পরিবার, আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীদের জিজ্ঞসাবাদ ও তাত্ক্ষণিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য তার মরদেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাই তাকে জিয়া খান নামে চিনলেও তার মূল নাম নাফিসা খান। পরিবারের সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, গত বেশ কয়েকদিন ধরে জিয়া খান মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত ছিলেন। ছিলেন অনেক বেশি হতাশ। কিছুদিন আগে একাধিক পরিচালকের সঙ্গে নতুন চলচ্চিত্র নিয়েও তিনি কথা বলেছেন। তবে এই মৃত্যুর তদন্তের স্বার্থে তার প্রেমিক সুরজকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু ‘নিঃশব্দ’খ্যাত বলিউডের এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও পুরো বলিউড হতবাক। জিয়া খান বলিউডে প্রথম অভিনয় করেন ১৯৯৮ সালে। শাহরুখ খান অভিনীত ‘দিল সে’ ছবিতে মনিশা কৈরালার কিশোর চরিত্রে তিনি অভিনয় করেন। তার চরিত্রের নাম ছিল মেঘনা। তবে পরবর্তী সময়ে দীর্ঘদিন তিনি নিজেকে শুধু মডেলিংয়েই ব্যস্ত রেখেছিলেন। পরে ২০০৭ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত ‘নিঃশব্দ’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক আলোচিত ও প্রশংসিত হন। তারপর থেকেই তিনি বলিউডে নিয়মিত অভিনয় শুরু করেন। এর পরের বছর ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনী’তে সুনিতা চরিত্রে অভিনয় করেন তিনি। তারপর ২০১০ সালে অক্ষয় কুমারের সঙ্গে তিনি ‘হাউজফুল’ ছবির দেবিকা চরিত্রে অভিনয় করেছেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল কাজ ছিল ‘নিঃশব্দ। এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার ডেব্যু অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন।