জাতীয় বাজেট ঘোষণা কাল

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৬
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল ৬ জুন বিকেল চারটায় জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি হবে চলতি মেয়াদে মহাজোট সরকারের শেষ বাজেট। অর্থমন্ত্রণালয় জানিয়েছে, অর্থ বিভাগের ওয়েবসাইটে www.mof.gov.bd বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল থাকবে। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব তথ্য ও দলিল পাঠ ও ডাউনলোড করতে পারবে। দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। গতকাল অর্থ মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত তিনবারের মত এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাত্ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ঐ দিন বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রাঃ হালচিত্র-২০১৩, বিদ্যুত্ ও জ্বালানি খাত উন্নয়নে পথনক্শাঃ অগ্রগতির ধারা, সম্পূরক আর্থিক বিবৃতি, নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় চল্লিশটি মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, অর্থনৈতিক সমীক্ষা, মঞ্জুরী ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন), মঞ্জুরী ও বরাদ্দের দাবিসমূহ (উন্নয়ন), রেলযোগাযোগ ব্যবস্থা ঃ বর্তমান ও ভবিষ্যত্, বাংলাদেশে দারিদ্র্য ও অসমতাঃ উত্তরণের পথেযাত্রা, জেলা বাজেট, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ হতে সরবরাহ করা হবে। একই সংগে পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০১৩-১৪ এর একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী- ২০১২-১৩ জাতীয় সংসদে পেশ করা হবে। বাজেট উপস্থাপনের পরদিন অর্থাত্ আগামী ৭ জুন বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন অর্থমন্ত্রী।