চট্টগ্রামে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভা আজ

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩১

চট্টগ্রাম অফিস

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামে সাংগঠনিক তত্পরতাকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে আওয়ামী লীগ বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে। এই লক্ষ্যে আজ শনিবার সকাল ১১টা থেকে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের দিনব্যাপী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সভাপতিত্ব করবেন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উপস্থিত থাকবেন।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা থাকবেন। এছাড়া নগরীর সব থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহবায়ক-যুগ্ম আহবায়ক এবং জেলার আওতাধীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহবায়ক-যুগ্ম আহবায়করা অংশ নেবেন।