সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি ব্রিটেনের রাণীর

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৯
ব্রিটেনের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি পালন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্তি উত্সব উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ দেশি বিদেশি অনেক অতিথি উপস্থিত ছিলেন। ১৯৫৩ সালের ২ জুন রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। তার পিতা রাজা ৬ষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি অনানুষ্ঠানিকভাবে সিংহাসনের দায়িত্ব নেন রানি এলিজাবেথ। খবর বিবিসির। ১৯৫৩ সালে ব্রিটেনের সিংহাসনে আরোহণের সময় আবহাওয়া শুষ্ক আর ভেজা থাকলেও এবারের আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল। ব্রিটেনের জনগণ নানা উত্সবের মধ্য দিয়ে রানির সিংহাসনে আরোহণের ৬০তম বার্ষিকী পালন করে। অনুষ্ঠানে ১৯৫৩ সালে রানির সঙ্গে যারা ছিলেন তাদের অনেককেই উপস্থিত থাকতে দেখা যায়। পরিবারের প্রায় ২০ জন সদস্য নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রবেশ করেন রানি। এ সময় ১৯৫৩ সালে বাজানো সেই সঙ্গীত আবারো বাজানো হয়। অনুষ্ঠানে রানি এবং তার পরিবারের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রাজা প্রথম এডওয়ার্ডের সময় থেকে এখন পর্যন্ত ব্যবহার করা ঐতিহ্যবাহী চেয়ারটিও। এসময় ব্রিটেনের ডিউক অব ক্যামব্রিজ এবং তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ উপস্থিত ছিলেন। আগামী মাসে তার সন্তান হওয়ার কথা রয়েছে। দুই বছর আগে বিবাহের পর এই প্রথম এ ধরনের জনসম্মুখে আসলেন তারা।