মার্কেন্টাইল ব্যাংকে ছাঁটাই আতঙ্ক

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৪৭
চাকরি বিধিমালার কোন রকম তোয়াক্কা না করেই চাকরি ছাড়াতে বাধ্য করা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাদের। কোন পূর্ব ঘোষণা বা নোটিস না দিয়ে গতকাল বিভিন্ন পদের ৩০-এর বেশি কর্মকর্তাকে জোর করে পদত্যাগ (রিজাইন) করতে বাধ্য করা হয়েছে। আর পদত্যাগ না করলে তাদের ছাঁটাই (টারমিনেট) করা হবে বলে হুমকিও দেয়া হয়েছে। চলতি বছর নতুন কার্যক্রমে আসা ব্যাংকগুলোতে মার্কেন্টাইল ব্যাংক থেকে যেসব কর্মকর্তা যোগ দিয়েছেন বা দিবেন তাদের আত্মীয়-স্বজনদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে ব্যাংকটি। বিশেষ করে অন্য ব্যাংকে যাওয়া কর্মকর্তাদের স্বামী, স্ত্রী, ভাই বা বোন যে ওই ব্যাংকে চাকরি করত তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের অন্য কর্মকর্তাদের মধ্যেও ছাঁটাই আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান এম আমানউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে বলেন, এ ধরনের কিছু হয়নি। তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হকের কাছে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলেননি।