সুষ্ঠু নির্বাচনে একমত হোন অর্থবহ সংলাপ করুন

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৩৭
সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে হবে। দলগুলো চাইলে যুক্তরাজ্যের পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিতে পারে। গতকাল বুধবার বিকালে বারিধারায় ব্রিটিশ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে ব্রিটিশ মন্ত্রী সোমবার ঢাকা আসেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করেন। সাভারে রানা প্লাজা ধসে হতাহতদের অবস্থা পরিদর্শন করেন। সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আবশ্যক। নির্বাচনটি হতে হবে সহিংসতামুক্ত। উন্নত গণতান্ত্রিক মানের জন্যই এমন নির্বাচন প্রয়োজন। বিশ্ববাসী ঘনিষ্ঠভাবে এই নির্বাচন দেখবে। নির্বাচনের পথে সময় দ্রুত এগোচ্ছে। আশা করি সংবিধানের আলোকে গ্রহণযোগ্য উপায়ে নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচনের উপায় ও পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা ও মতভেদ আছে। কিন্তু দলগুলোকে এই মতভেদ উত্তরণ ঘটিয়ে নির্বাচনে যেতে হবে। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপ সহজ নয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন, আমরা কোন ব্যক্তি বিশেষের রাজনৈতিক আশ্রয় নিয়ে মন্তব্য করি না। এটা রাজনীতিবিদদের সিদ্ধান্তের ব্যাপার নয়। যুক্তরাজ্যে স্বাধীন বিচার বিভাগ কার্যকর আছে। ব্রিটিশ মন্ত্রী সাংবাদিক সম্মেলনে সাভারের রানা প্লাজা ভবন ধসের পর এক লাখ গার্মেন্টস ও নির্মাণ শ্রমিকদের মানোন্নয়নে প্রশিক্ষণে সহায়তার কথা ঘোষণা দেন। এ জন্য ১৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তা দেয়া হবে। তিনি বলেন, গার্মেন্টস খাতের উন্নয়ন ধরে রাখতে উন্নত মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এই খাতের সাফল্যগাথা যেন দুঃখের সাগরে হারিয়ে না যায়। ব্রিটেনের নামি-দামি ব্রান্ডগুলোকে বিপর্যয়ের জন্য দায়িত্ব নিতে হবে। দোকান থেকে শুরু করে সেলাই মেশিন পর্যন্ত দায়িত্ব আছে ক্রেতাদের।