নগরীর কালুরঘাট এলাকায় গার্মেন্টস পল্লী স্থাপনের জন্য ১১ একর জমি প্রদানের আশ্বাস দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ জমির ওপর পাঁচতলাবিশিষ্ট ৩০টি ভবন নির্মাণ করা হবে। এ ব্যাপারে শিগগিরই চসিক ও বিজিএমইএ’র মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। চট্টগ্রামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবনে স্থাপিত গার্মেন্টস কারখানাগুলো অগ্রাধিকার ভিত্তিতে এ পল্লীতে স্থানান্তরিত হওয়ার সুযোগ পাবে বলে বিজিএমইএ নেতারা জানান। গতকাল বুধবার বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে আলাপকালে জমি প্রদানের আশ্বাস প্রদান করেন সিটি মেয়র এম মনজুর আলম। এ সময় তিনি সিটি কর্পোরেশনের উদ্যোগে কর্মজীবী নারীদের জন্য নির্মিত ডরমিটরিতে পোশাকশিল্পের নারী শ্রমিকদের জন্য স্বল্পভাড়ায় আবাসন সুবিধা প্রদানেরও আশ্বাস দেন। চসিক ভবনে মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মো. আব্দুল ওহাব, সৈয়দ নজরুল ইসলাম, সাব্বির মোস্তফা, অঞ্জন শেখর দাশ এবং শেখ সাদি।
