বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় প্রাইম ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকালে অনুসন্ধান কমিটির প্রধান ও দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রাইম ব্যাংককের এমডির কাছে এ নোটিশ পাঠিয়েছে। নোটিশে তাকে আগামী ১১ জুন সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের অধিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এদের মধ্যে বেশির ভাগই ছিলেন প্রাইম ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা। দুদক জানায়, প্রাইম ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেংকারির সঙ্গে ব্যাংকটির বর্তমান এমডির নামও চলে আসায় দুদক তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে। মো. এহসান খসরু ২০১১ সালের সেপ্টেম্বরে প্রাইম ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত এমডি ছিলেন। তবে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির সময় এহসান খসরু প্রাইম ব্যাংকেই কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে দেশের ৬ টি ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। ব্যাংকগুলো হলো প্রাইম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক , সাউথইস্ট ব্যাংক ও জনতা ব্যাংক। এ ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে গত ২৬ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের একটি টিম গঠন করে দুদক। দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এ অনুসন্ধান টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী উপ-পরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপ-সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ এবং মো. আল-আমিন।
