রংপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত, যাত্রীদের দুর্ভোগ চরমে

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৩৯
১৪ দফা দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। ধর্মঘটের ফলে রংপুর বিভাগের ৮ জেলায় বাস, মিনিবাস, ট্রাক-ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, ঢাকা কোচ, জীপ, কার, মাইক্রোবাস, পিক-আপ, বেবী ট্যাক্সিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে কোচ চালক ও সুপারভাইজারকে মারধর করার আসামি শিবিরের সাবেক ক্যাডার পৌর কাউন্সিলর শাফিউল ইসলাম শাফির গ্রেফতারের দাবিতে গত মঙ্গলবার থেকে ঢাকাগামী সকল কোচ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এসব কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ধর্মঘটের ফলে রংপুর-ঢাকা চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে গেছে। ১টি টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছে না অনেকেই। ট্রেনের টিকিট দিতে না পারায় কর্মচারি কর্মকর্তাদের লাঞ্ছিত হতে হচ্ছে। স্থানীয় রুটের মালামাল ট্রেনের মাধ্যমে আনা-নেয়া করা হচ্ছে। ফলে সময় লাগছে অনেক বেশি। ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরাও। রেল স্টেশন সূত্রে জানা যায়, আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও নীল সাগর এক্সপ্রেসের টিকিটের জন্য যাত্রীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন। কিন্তু মুহূর্তেই সকল আসন বিক্রি হয়ে যাওয়ায় টিকেট পাচ্ছেন না বেশিরভাগ যাত্রী। যাত্রীর চাপ সামলাতে না পেয়ে গত দু’দিন ধরে রংপুর রেল স্টেশন থেকে আসনবিহীন টিকিটও বিক্রি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি সূত্রে জানা যায়, কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন নির্ধারণ, রংপুর কোতয়ালী থানার ওসির অপসারণ, হিলি স্থলবন্দরে ট্রাকের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনকে প্রদানসহ ১৪ দফা বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে সময় দেয়া হয়েছিল। দাবি না মানায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ধর্মঘটে দাবি পূরণ না হলে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হবে বলে ফেডারেশনের নেতৃবৃন্দ জানিয়েছেন।