ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আবদুর রাকিবসহ ৫ নেতাকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে সাভারের মজিদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাকিব ছাড়া গ্রেফতারকৃত অন্যরা হলেন, সাভার পৌর শিবিরের সেক্রেটারি আলাউদ্দিন (২৩), ছাত্রকল্যাণ সম্পাদক ফজল আহমেদ (২২), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (২৪) ও দফতর সম্পাদক আশিকুর রহমান (২৭)। তাদের কাছ থেকে ১৮টি বোমা, চাঁদা আদায়ের রসিদ, ১২টি জিহাদি বই ১২৫টি লিফলেট উদ্ধার করে র্যাব।
গতকাল সকালে র্যাব-৪ কার্যালয়ে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তাদের লক্ষ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো এবং ভবিষ্যতে কোনো ধরনের হরতাল ও অবরোধ হলে নৈরাজ্য সৃষ্টি করা। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, সাভারের ঐ বাড়িতে তারা অবস্থান করে ঢাকায় শিবিরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে তারা ঐ বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অভিযোগের ভিত্তিতে ঐ বাড়িতে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আবদুর রাকিব ও আশিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের শেষ বর্ষের ছাত্র।
