নগরীর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে বিএম কলেজের ছাত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে বিমান বন্দর থানা পুলিশ। গতকাল বুধবার বাঘিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ মার্চ বাঘিয়ায় পুলিশের উপর হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বিএম কলেজের ছাত্র মো. আল আমিন ও স্থানীয় বাসিন্দা সোহেল, হামিম, নাজমুল ইসলাম, আব্দুল হালিম। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল অভিযোগ করেন, গ্রেফতারকৃতরা সিটি করপোরেশনের নির্বাচনে প্রচারণা চালালে পুলিশ অহেতুক তাদের গ্রেফতার করে পুরানো মামলার আসামি হিসাবে দেখিয়ে কোর্টে চালান দেয়। এ পর্যন্ত তার প্রায় অর্ধশত নেতা-কর্মীকে পুলিশ এভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি।
