মিঠাপুকুরে বিদ্যুত স্পৃষ্টে তিন কোচযাত্রী নিহত, আহত ১৫

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৫৬
মিঠাপুকুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার নাইট কোচে বিদ্যুতায়িত হয়ে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার শাল্টি গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আহসান এন্টারপ্রাইজের (ঢাকা-মেট্রো-ব-১৪-৪৬৮৯) একটি নাইট কোচ পঞ্চগড় যাচ্ছিল। রংপুরে পরিবহন ধর্মঘটের কারণে কোচটি গতকাল সকালে পীরগঞ্জের ভেণ্ডাবাড়ি-লালবাগ বাইপাস রোড ধরে গন্তব্যস্থলে যাওয়ার পথে মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকায় সড়কের ওপর বিদ্যুতের তারে আটকে যায়। এ সময় কোচটি বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই ২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়। আহত হয় ১৫ জন। নিহতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নছরতপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র নুরুজ্জামান (৩৫), কাহারোল উপজেলার হাতিশা গ্রামের ইয়াছিন আলীর পুত্র সোহেল রানা (২৫) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজঞ্জের ফজলুল হকের পুত্র বায়েজিদ হোসেন (২৪)। মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, কোচটির ছাদে থাকা লোহার আসবাবপত্রে পল্লী বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটে। কোচটি থানা হেফাজতে রয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে।