রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর অলৌকিক ভাবে জীবিত উদ্ধার হওয়া পোশাক শ্রমিক রেশমাকে ‘পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর’ হিসেবে নিয়োগ দিয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার তিনি হোটেলের হাউসকিপিং বিভাগে কাজে যোগ দেন বলে জানা গেছে। চাকরি দেয়ায় ওয়েস্টিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রেশমা সকলের দোয়া কামনা করেছেন ।
বিকালে হোটেলের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রেশমার হাতে নিয়োগপত্র তুলে দেন ওয়েস্টিনের চেয়ারম্যান মিসেস সেলিনা আলী। এসময় হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী, জেনারেল ম্যানেজার আজিম শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে রেশমাকে নিজেদের হেফাজতে নেয় হোটেল কর্তৃপক্ষ। এ সময় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনালের চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম উপস্থিত ছিলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেশমা জানান, হোটেল সোনারগাঁও ও ওয়েস্টিন কর্তৃপক্ষ আমাকে চাকরি দেয়ার ইচ্ছা প্রকাশ করলে পরিবারসহ অন্যদের সাথে আলাপ করে আমি ওয়েস্টিনের আবেদন গ্রহণ করি।
ওয়েস্টিন হোটেলের জেনারেল ম্যানেজার আজিম শাহ বলেন, রেশমা আমাদের আবেদনে সাড়া দেয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। রেশমার বেতন-ভাতা সম্পর্কে তিনি বলেন, তার পরিবারের স্বচ্ছলভাবে চলার জন্য যা দরকার তা হোটেল কর্তৃপক্ষ পূরণ করবে।
