প্রস্তাবিত বাজেট অবাস্তব মানুষের কাজে আসবে না

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৩৫
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘অবাস্তব’ ‘ভোটারতুষ্টির’ ও ‘আত্মতুষ্টির’ বাজেট হিসেবে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির পক্ষে প্রস্তাবিত বাজেটের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এই বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বর্তমান সরকার আগামী নির্বাচনে ভোটারদের পক্ষে টানতে কিছু প্রলোভন দেখিয়েছে এই বাজেটে। এটা একটি রাজনৈতিক ও নির্বাচনী বাজেট। প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কোনো কাজে আসবে না এবং এতে জাতির জন্য কোনো দিক-নির্দেশনা নেই বলে মনে করছে দলটি। গতকাল বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির পক্ষে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসময় উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের পর ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বাজেট প্রণয়ন করা হয়েছে। এত বড় বাজেট বাস্তবায়ন করার সামর্থ্য এ সরকারের নেই। বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অধিবেশনে না থাকলেও সংসদ ভবনের ভেতরেই ছিলেন বিএনপির সংসদ সদস্যদের একটি টিম। এম কে আনোয়ারের নেতৃত্বে তারা বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বসে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপন পর্যবেক্ষণ করেন। বাজেট উপস্থাপন শেষে তারা প্রেসব্রিফিং করেন। প্রসঙ্গত, চলতি বাজেট অধিবেশনের শুরু থেকে সংসদে যোগ দিলেও বিএনপি বুধবারই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল-বাজেট উপস্থাপনের সময় তারা সংসদে থাকবে না। এদিকে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত্বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম আয়োজিত এক আলোচনা ও প্রার্থনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট রাজনৈতিক ও নির্বাচনমুখী। এ বাজেটের ফলে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আগামী নির্বাচনকে সামনে রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। মওদুদ বলেন, এ বাজেটের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান সরকারের দুর্নীতির কারণে বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহার হবে না। দুর্নীতির কারণে ২০১২-১৩ অর্থবছরের বাজেটেও জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।