কৃষিতে নয় হাজার কোটি টাকার ভর্তুকি

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৩৬
কৃষি উত্পাদন বাড়াতে আগামী অর্থ বছরের বাজেটে নয় হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। যা চলতি ২০১২-১৩ অর্থবছরে তুলনায় ৫০০ কোটি টাকা কম। তবে ভর্তুকির পরিমাণ কমলেও বাড়ছে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা। আগামী ২০১৩-১৪ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা। যা চলতি অর্থ বছরের তুলনায় ৪৬৫ কোটি টাকা বেশি। আগামী বাজেটে কৃষিতে মোট বরাদ্দের পরিমাণ বেড়েছে। অনুন্নয়ন ও উন্নয়ন মিলিয়ে ২০১৩-১৪ অর্থ বছরে ১২ হাজার ২৭৫ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থ বছরে ছিল ৮ হাজার ৯১৭ কোটি ৫২ লাখ টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বত্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত চার বছর ধরে কৃষি খাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ খাতে প্রতি বছর গড়ে ৩ দশমিক ৯ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কৃষিখাতের এ অর্জনকে ধরে রাখার জন্য আমরা কৃষকদের সম্ভাব্য সব রকম উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের ৩৫টি জেলায় ২৫ শতাংশ ভর্তুকিতে ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় বিনামূল্যে সার ও বীজ সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থবছরে বিএডিসি যেখানে মাত্র ১৮ শতাংশ বীজ সরবরাহ করত সেখানে বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৬০ শতাংশ। এছাড়া এক লাখ ৮৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা সমপ্রসারণ করা হয়েছে এবং ১১ হাজার ৫৫০ হেক্টর জমির জলাবদ্ধতা দূর করা হয়েছে। এর ফলে গত ৪ বছরে প্রায় ৫০ লক্ষ টন ধান উত্পাদন বেড়েছে।