টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৩৮
বকেয়া বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর মিলগেইট হামিম গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। ঘটনার প্রায় আধাঘণ্টা পর পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষিপ্ত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে শত শত গাড়ি আটকা পড়ে। তীব্র যানজটে হাজার হাজার সাধারণ যাত্রী চরম ভোগান্তির শিকার হন। এ ব্যাপারে শিল্প পুলিশের ওসি মো. মানিক জানান, হামিম গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-বোনাস না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। পরে গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।