জ্যাকসন কন্যা প্যারিসের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৪০
পপ সংগীতের স্রষ্টা মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন (১৫) আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে তার পরিবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কাছে মাইকেল জ্যাকসনের কালাবাসের বাড়িতেই প্যারিস আত্মহত্যার চেষ্টা করেছিল। খবর রয়টার্স ও এনডিটিভির। প্যারিস ছুরি দিয়ে নিজের কবজি কেটে ফেলেন। তার কবজিতে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আত্মহত্যার উদ্দেশ্যে অত্যধিক ঘুমের ওষুধও সেবন করেছিল সে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। জ্যাকসনের মা ক্যাথরিনের এক মুখপাত্র প্যারি স্যানডার জানিয়েছেন, প্যারিস সংবেদনশীল। এই বয়সটাই এরকম। তাছাড়া তার বাবা মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর থেকেই সে বিষণ্নতায় ভুগছিল। প্যারিস টুইটারে এক বার্তায় লিখেছে, গতকাল মনে হচ্ছিল আমার সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। কিন্তু আজ মনে হচ্ছে সেগুলো আছে।