বিক্ষোভের মুখেও বিপণিবিতান নির্মাণে অটল এরদোয়ান

আপডেট : ০৭ জুন ২০১৩, ২০:৫৬
তুরস্কের বিক্ষোভ দ্রুত অবসানে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। উত্তর আফ্রিকা সফর থেকে দেশে ফেরার পর এয়ারপোর্টে হাজারো সমর্থকের উপস্থিতিতে দেয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। এরদোয়ান অভিযোগ করেন এ ধরনের বিক্ষোভের ফলে দেশটি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছে এবং তিনি বলেন এ বিক্ষোভ অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে তুরস্কে চলমান বিক্ষোভের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগের জবাবে সেদেশের সরকার বলেছে তুরস্ক তৃতীয় শ্রেণীর কোন গণতান্ত্রিক দেশ নয়। খবর রয়টার্স, বিবিসি ও এএফপির। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যেও ইস্তান্বুলের গাজি পার্কে গাছ কাটা এবং বিপণী বিতান করার পরিকল্পনায় অটল রয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। এ পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে এরদোয়ান বলেছেন, তুরস্কে অস্থিরতার ঘটনায় ৭ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরদোয়ানের এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীদের বড় একটি দল আরো বিক্ষোভের ডাক দিয়েছে। এ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আপোস করার মনোভাব দেখাবেন বলেই আশা করছেন আয়োজকরা। অন্যদিকে তার পদত্যাগ দাবিতে ইস্তাম্বুল শহরের তাকসিম স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করছে হাজারো মানুষ। তুরস্কে গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর সপ্তম দিনে এসে এরদোয়ানের দেশে ফেরাকে কেন্দ্র জড়ো হন বিক্ষোভকারীরা। গান বাজনা এবং রাজনৈতিক শ্লোগানে মুখরিত হয়ে উঠে তাকসিম স্কয়ারে। হাজার হাজার বিক্ষোভকারী পতাকা নাড়িয়ে মিস্টার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উচ্চৈকণ্ঠে শ্লোগান দিতে থাকে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। এরদোয়ানকে অভ্যর্থনা জানাতে তার কয়েক হাজার সমর্থক ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এরদোয়ান তার ভাষণে বলেন, তুরস্কের বিক্ষোভ অবিলম্বে বন্ধ করতে হবে। গত শুক্রবার গাজি পার্ক এলাকায় প্রথমবার বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ইস্তাম্বুল, আঙ্কারা এবং অন্যান্য শহরে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীত্বের আসনে থাকা এরদোয়ানের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয়া হয়। মঙ্গল এবং বুধবার দেশজুড়ে ধর্মঘট ডাকে তুরস্কের অন্যতম প্রধান একটি ট্রেড ইউনিয়ন। টানা সাতদিন ধরে চলা এই আন্দোলন এখন সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়ায় অনেকেই একে আরব বসন্তের সাথে তুলনা করছে। যদিও তেমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এরদোয়ান।