গেলবারের ফাইনালিস্ট লিভারপুল আজ বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে। একই লক্ষ্য থাকবে গ্রুপ ‘সি’তে তৃতীয় স্থানে থাকা ফরাসি চ্যাম্পিয়নদের। দলের প্রাণভোমরা নেইমার ও কিলিয়ান এমবাপে এই লড়াইয়ের জন্য পুরোপুরি সুস্থ না থাকায় শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নামবে পিএসজি। এই গ্রুপের অন্য ম্যাচে ন্যাপোলি আতিথ্য দেবে রেড স্টার বেলগ্রেডকে।
বার্সেলোনার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে আগেই। স্বাগতিক পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে আজ তাই স্প্যানিশ চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে পুরো তিন পয়েন্ট পেয়ে গ্রুপ ‘বি’র শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার। একই গ্রুপে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া টটেনহ্যাম আতিথ্য দেবে তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থাকা ইন্টার মিলানকে। এছাড়াও দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে ফরাসি দল মোনাকোর।
পিএসজি কিছুটা শঙ্কা নিয়েই নিজেদের মাঠে লিভারপুলের মোকাবেলা করবে। চোটের কারণে তুলুজের বিপক্ষে লিগ ম্যাচে না খেলা নেইমার এবং এমবাপে নিশ্চিত নন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির বিপক্ষেও। নেইমার ও এমবাপে শেষমেশ না খেলতে পারলে তা পিএসজির জন্য বিপদের কারণ হতে পারে।
লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক অবশ্য দুই তারকার অনুপস্থিতি সত্ত্বেও পিএসজিকে বেশ সমীহই করলেন। তার মতে নেইমার-এমবাপে ছাড়াও লিভারপুলকে আঘাত করার মতো অস্ত্র পিএসজির আছে। তিনি বলেন, ‘তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তারা (নেইমার-এমবাপে) অবশ্যই মানসম্পন্ন খেলোয়াড় এবং তাদেরকে প্রাপ্য সম্মানটা দিতে হবে আমাদের। কিন্তু তাদের অনুপস্থিতিকে ঢেকে দেওয়ার মতো খেলোয়াড়ও পিএসজির আছে।’ নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার জানান পিএসজিকে তাদের খেলাটা খেলতে না দেওয়ার লক্ষ্যেই নামবে লিভারপুল।
ভ্যান ডাইকের ভাষায়, ‘নিজেদের উপর মনোযোগ দিতে হবে আমাদেরকে এবং এটা নিশ্চিত করতে হবে যে তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমরা তৈরি। তাদেরকে নিজেদের মত করে খেলতে না দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে।’ নাপোলি এবং রেড স্টার বেলগ্রেড এই গ্রুপের অন্য ম্যাচে একই লক্ষ্যে লড়বে।
শিরোপা প্রত্যাশী বার্সেলোনা গ্রুপ ‘বি’ থেকে আগের ম্যাচেই শেষ ষোল নিশ্চিত করে রেখেছিল। পিএসভির মাঠে আজ লিওনেল মেসির দলের লক্ষ্য থাকবে জয় নিয়ে গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত করে ফেলার। তবে খেলোয়াড় চোট কোচ আর্নেস্তো ভালভার্দের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। চোটের কারণে এই ম্যাচে তিনি পাচ্ছেন না তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুই সুয়ারেজ, সার্জি রবার্তো এবং আর্থার মেলোকে। থমাস ভারমালেন, জেসপার সিলেসেন, রাফিনহা আলকান্তারারাও নেই চোটের খড়গে কাটা পড়ে।
প্রথম তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করায় টটেনহ্যামের সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। নিজেদের মাঠ ওয়েম্বলিতে তাই ইন্টার মিলানকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে তারা। অন্যদিকে শেষ ষোল নিশ্চিত করতে একটি ড্রই যথেষ্ট ইন্টারের জন্য।
এছাড়াও দিনের অন্য ম্যাচে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় খেলবে ফরাসি দল মোনাকোর বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড আতিথ্য দেবে ক্লাব ব্রুজকে।
