গুলশানের কনকর্ড আশায় শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ১৪ শিল্পীর যুথবদ্ধ চিত্রকর্ম প্রদর্শনী। দিনব্যাপী এই প্রদর্শনীতে যাদের চিত্রকর্ম প্রদর্শন করা হয় তারা হলেন—সৈয়দ আবুল বার্ক আলভী, নাইমা হক, নাসরীন বেগম, আহমেদ শামসুদ্দোহা, রনজিত্ দাস, শেখ আফজাল, নিসার হুসেন, মোহাম্মদ ইকবাল, রশীদ আমিন, জাবেদ জলিল, রেবেকা সুলতানা মলি, অনুকুল চন্দ্রা মজুমদার, ফারজানা আহমেদ উর্মি ও শহীদ কাজী। গত ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পাবনার বাবুর বাগানে অনুষ্ঠিত হয় ‘মাছরাঙা এসপিবিএ আর্ট ক্যাম্প’ শীর্ষক তিনদিনের আর্ট ক্যাম্প। সেখান থেকে সৃষ্ট চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আবুল বার্ক আলভী। এ সময় আয়োজক প্রতিষ্ঠান সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট-এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।
বেঙ্গলে আজ পাঁচ শিল্পীর ছাপচিত্র প্রদর্শনী
ধানমন্ডির শেখ কামাল সরণির বেঙ্গল শিল্পালয়ে আজ শনিবার শুরু হচ্ছে ‘ঢাকা প্রিন্টমেকার্সের’ পাঁচজন শিল্পীর ‘উত্থানপর্ব’ শিরোনামে ১২ দিনের ছাপচিত্র প্রদর্শনী। শিল্পীরা হলেন রোকেয়া সুলতানা, আহমদ নাজির, রফি হক, রশীদ আমিন ও মুস্তাফা জামান। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস্-এর আয়োজনে আজ শনিবার সন্ধ্যা ছয়টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বার্ক আলভী ও এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর।
এ উপলক্ষে গতকাল শুক্রবার গ্যালারিতে প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পী রোকেয়া সুলতানা, আহমদ নাজির, রফি হক, রশীদ আমিন, মুস্তাফা জামান এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।
ক্যানভাসে আদিগন্ত বাংলা
ওয়ারিয়র রহমান সামি নবীন শিল্পী; কিন্তু তার কাজ দর্শকের কাছে বাড়তি মনোযোগ আকর্ষণ করে। জল রং-এ করা বাংলাদেশের চিরপরিচিত প্রাকৃতিক দৃশ্যগুলো মোহময়তায় ভরা। আদিগন্ত প্রকৃতি, পাহাড়, মানুষ, কৃষক, কুটির, সারি সারি পাহাড়ের গায়ে ঝুলে থাকা কুটির, গ্রামীণ বাজার—সব কিছুই খুব পরিচিত; কিন্তু তারপরও এক রহস্যময়তা নিয়ে হাজির হয় ক্যানভাসের আঁকা ছবিগুলো। দর্শকদের টানে। শিল্পী সামি অনুপুঙ্খভাবে বর্ণনা করেন ছবি। কিন্তু প্রকৃতির ছবি আঁকতে গিয়েও তার রং ব্যবহারে রয়েছে নতুনত্ব। সবুজ প্রকৃতিও কখনো নিলাভ, ধূসর—যেন কোন না দেখা কিছুর কথা বলতে চাইছেন শিল্পী।
ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে গতকাল শুক্রবার বিকালে উদ্বোধন হলো শিল্পী সামির প্রথম একক প্রদর্শনী ‘দি গ্রেট সাগা অব নেচার’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী । প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী ওয়ারিয়র রহমান সামি।
শিল্পী সামি ইউডা থেকে বিএফএ পড়েছেন। এখন বৃত্তি নিয়ে চীনে যাচ্ছেন এমএ করতে। তিনি বলেন, আমি জলরং করতে ভালোবাসি। চীনে যাচ্ছি জলরংয়ের উপরে আধুনিক কলাকৌশলগুলো শিখতে। জলরংয়ে কাজ করা খুব কষ্টসাধ্য। কিন্তু আমি জলরং কাজ করতেই ভালোবাসি। আজীবন করে যেতে চাই।
প্রদর্শনীতে চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।
খায়রুল আনাম শাকিলের অ্যালবাম প্রকাশ
১১৪তম নজরুল জয়ন্তী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হয়েছে শিল্পী খায়রুল আনাম শাকিলের কণ্ঠে ধারণকৃত গানের অ্যালবাম ‘বেণুকা’। শুক্রবার বেঙ্গল ক্যাফেতে এক বর্ণাঢ্য আয়োজনের এই সিডির মোড়ক উন্মোচন করেন বরেণ্য সঙ্গীতজ্ঞ সুধীন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। দ্বিতীয়পর্বে শিল্পী তার প্রকাশিত অ্যালবাম থেকে বেশ কয়েকটি গান পরিবেশন করে বৃষ্টিস্নাত সন্ধ্যাটি আরও মোহনীয় করে তোলেন। গানগুলোর মধ্যে ছিল তোমার আঁখির মত আকাশের দুটি তারা, মুসাফির, মোছ রে আঁখি জল, বেণুকা ওকে বাজায় মহুয়া বনে, চৈতালী চাঁদিনী রাতে, চোখ গেল চোখ গেল কেন ডাকিস, পিউ পিউ পিউ বোলে পাপিয়া, আজি নন্দদুলালের সাথে, নীলাম্বরী শাড়ি পরি’ নীল যমুনায় কে যায়, এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে, বসিয়া বিজনে কেন একা মনে, বলো না বলো না ওলো সই এবং ওর নিশীথ-সমাধি ভাঙিও নাসহ আরো অনেক গান।
স্বরবৃত্তের আবৃত্তি আয়োজন
স্বরবৃত্তের আয়োজনে শুক্রবার সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বসেছিল এক ব্যতিক্রমী অনুষ্ঠান। ‘রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী কবিতা’ শিরোনামে কবিতা সন্ধ্যাটি সাজানো হয় কবিগুরুর বিভিন্ন পর্যায়ের গান ও কবিতা দিয়ে। এর মধ্যে ছিল ‘ছিন্নপত্র’, ‘পত্রপুট’, ‘পুনশ্চ’, ‘শেষ লেখা’ থেকে আবৃত্তি ও পাঠের সঙ্গে প্রেম, প্রকৃতি, স্বদেশ ও পূজা পর্যায়ের ১৭টি গান ও ১৭টি কবিতা। একক আবৃত্তি করেন রবিশঙ্কর মৈত্রী ও সঙ্গীত পরিবেশন করেন মকবুল হোসেন।
ছায়ানটে শ্রোতার আসর
শুক্রবার ছিল ছায়ানটের মাসিক শ্রোতার আসর। এদিন ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে নজরুলের গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন মানস কুমার দাস, নাসরীন জাহান ও অভিজিত্ কুণ্ডু।
চ্যানেল আইতে আনন্দ আয়োজন
‘বঙ্গবন্ধু বনপ্রাণী সংরক্ষণ পদক ২০১৩’ পদকপ্রাপ্তি উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই ভবনে আনন্দানুষ্ঠানের আয়োজন করে। আনন্দ আয়োজনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে এসেছিলেন কথাশিল্পী রাবেয়া খাতুন, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, নাট্যজন আতাউর রহমান, কেরামত মওলা, আল মনসুর, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর, মোহাম্মদ খুরশীদ আলম, রেবেকা সুলতানা, রিজিয়া পারভীন, বিপ্লব, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস সভাপতি আবদুর রহমান, প্রকৃতিবিদ ইনাম আল হক, রূপালী, ড. সোহরাব উদ্দিন সরকার প্রমুখ। আনন্দ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর, রিজিয়া পারভীন, চ্যানেল আই সেরাকণ্ঠের বৃষ্টি, মুগ্ধ, আশিক, লুইপা প্রমুখ।
