মুক্তি পেলেন রিজভী ও ডা. জাহিদ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৩৮
গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন। এর আগে দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ। মুক্তির পর কারাফটকের সামনে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। কাশিমপুর কারাগার-১ এর জেলার নেসার আহমেদ সাংবাদিকদের কাছে রিজভীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বৃহস্পতিবার রাতে কারা কর্তৃপক্ষ সরকারের আপিল সংক্রান্ত একটি উকিল নোটিসের কারণ দেখিয়ে রিজভীকে মুক্তি দেয়নি। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিজভীকে মুক্তি দেয়া হবে না জেনে কারাফটকের সামনে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। প্রসঙ্গত, ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান ও এই ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে বিএনপির অন্যান্য শীর্ষ নেতার সঙ্গে গ্রেফতার হন রিজভী। এদিকে কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ গতকাল দুপুর একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১১ মার্চ নয়াপল্টনে অবস্থিত বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পরিচালিত পুলিশি অভিযানে বিএনপির অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে আটক হন তিনি।