মির্জাপুরে অবৈধভাবে দেয়া হচ্ছে গ্যাস সংযোগ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৪০
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী এবং লাইন নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদার (দালাল) চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। যারা বৈধভাবে গ্যাস পাওয়ার জন্য আবেদন করেছিলেন তারা দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে এবং তারা আদৌ সংযোগ পাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । জেলার প্রতিটি এলাকায় এভাবে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার কারবার চলছে বলে জানা গেছে। তিতাস গ্যাসের টাঙ্গাইল অফিসের একজন কর্মকর্তা বলেছেন এ ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। গতকাল শুক্রবার মির্জাপুর পৌরসভার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দালাল চক্র আইন অমান্য করে মোটা অংকের টাকা পেয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন বাসাবাড়িতে নিম্নমানের পাইপ দিয়ে গ্যাস সংযোগ দিচ্ছে। এই পাইপে আগুন ধরে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেছে নিরীহ মানুষ। অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সালের জুলাইয়ে সরকার বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। দীর্ঘদিন গ্যাস সংযোগ বন্ধ থাকায় কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা কর্মচারী এবং তাদের নিয়োজিত দালাল চক্র মোটা অংকের টাকা নিয়ে অনেক বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। সরকার গত মে মাসে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীদের সরকারি কোষাগারে ৬ হাজার ৭৫০ টাকা ফি জমা দিয়ে বৈধকরণ এবং নতুন গ্যাস সংযোগ দেয়ার জন্য আবেদনপত্র গ্রহণের ঘোষণা দেয়। আগামী ১৫ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে বলে জানা গেছে। সরকারের এ ঘোষণার পর থেকেই মির্জাপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার মহোত্সব চলছে। গত এক সপ্তাহে মির্জাপুরে ২০-২৫টি বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এখন মির্জাপুর বাজারের কুমারজানি রোড, বাইপাস এলাকা, গোড়াইল ট্রেন লাইন এলাকা, পুষ্টকামুরি, মির্জাপুর সাহাপাড়া, আন্ধরা, বাইমহাটি, সরিষাদাইরসহ ৩০-৪০টি এলাকায় শত শত বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের ঠিকাদার মুকুল সাহা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই নতুনভাবে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা তিতাস গ্যাস বিতরণ এন্ড ট্রান্সমিশন কোঃ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বরুণ কুমার সরকার বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগের বিভিন্ন অভিযোগ অফিসে এসেছে। যারা এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হবে।