ফেনীতে শনিবার ভোরে শহরের বারাহিপুর রেল ক্রসিং এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় ট্রেনের একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ সময় কাঠ বোঝাই ট্রাকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি। পরে লাকসাম থেকে একটি সাহায্যকারী ইঞ্জিন ফেনী পৌঁছে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি সরিয়ে চট্টগ্রাম নিয়ে যায়। ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখীন উদয়ন এক্সপ্রেস ট্রেন ফেনীর বারাহিপুর রেল ক্রসিং গেট (গেট নং-ই/৩৬স্পেশাল) অতিক্রম করার সময় একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। ফেনী রেল স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান ফেনীর অদূরে বারাহিপুর রেল ক্রসিং এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
