সা ক্ষা ত্ কা র

‘এখনকার অনেক নায়কের সাথেই আমি কাজ করতে আগ্রহী’

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪৫

চিত্রনায়িকা শবনম বুবলী। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। শিগগিরই সিনেমাটির গানের অংশের শুটিং শেষ হবে। ঈদের পর নতুন সিনেমার খবর জানাবেন তিনি। এ প্রসঙ্গের পাশাপাশি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

এইতো, বেশ ভালো।

 

এখনকার ব্যস্ততা প্রসঙ্গে শুরুতে জানতে চাই—

কয়েকদিন শুটিংয়ের কোনো ব্যস্ততা নেই। তবে শিগগিরই ব্যস্ত হয়ে যাবো। ‘পাসওয়ার্ড’ সিনেমার গানের শুটিং এখনো বাকি। সেই কাজ নিয়েই ঈদের আগে ব্যস্ততায় কাটবে।

 

সিনেমার প্রচারণার চর্চাটা কয়েকটি সিনেমার মধ্য দিয়ে আবারো শুরু হয়েছে। ‘পাসওয়ার্ড’-এর প্রচারণা নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি-না?

অবশ্যই রয়েছে। প্রচারণা একটি সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেটি দেশের বাইরে আমরা নিয়মিত দেখি। কিন্তু আমাদের দেশে এই চর্চাটা কম। সেদিকে মনে হয় সংশ্লিষ্টদের সচেতন হলে ভালো হয়। আর ‘পাসওয়ার্ড’ নিয়ে বেশ ভালো প্রচারণার পরিকল্পনা রয়েছে। সিনেমার পুরো টিম প্রচারণায় থাকবে।

 

ক্যারিয়ারের সময় অনুযায়ী আপনার সিনেমার সংখ্যা কম বলে মনে করেন কি-না?

এমনটা কখনো ভাবিনি। আমি যে ক’টি কাজ করেছি সেগুলো বেশ ভালো পরিসরে করেছি এবং দর্শকদের ভালোবাসাও পেয়েছি। ছবির সংখ্যা বাড়লে ক্যারিয়ারে সফল এমনটা আমি মনে করি না। অনেকেই ভাবেন শাকিবের বাইরে কাজ করছি না বলে সিনেমার সংখ্যা কম। এমন প্রশ্ন আমাকে বহুবার শুনতে হয়েছে। বিষয়টি এমনও না। শাকিব খানের সাথে যে প্লাটফর্মে কাজ করছি তেমন কোনো প্লাটফর্ম পেলে আমি অবশ্যই কাজ করতে চাই।

 

শাকিবের বাইরে কোন নায়কের সাথে কাজ করতে আগ্রহী?

এখনকার অনেক নায়কের সাথেই আমি কাজ করতে আগ্রহী। আরিফিন শুভ, তাসকিন, সিয়াম, বাপ্পী, সাইমনসহ অনেকের কাজ আমার ভালো লাগে। শুধু নায়ক হিসেবে নয়, একজন অভিনেতা হিসেবেও তাঁরা আমার পছন্দের।