বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) যৌথ উদ্যোগে ব্লু স্টার প্রোভাইডারদের (সেবাদানকারী) গতকাল শনিবার থেকে তিনদিনের মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। নগরীর একটি আবাসিক হোটেলে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির উপ-মহাব্যবস্থাপক আলী রেজা খান। স্বাগত বক্তব্য রাখেন হেড ট্রেনিং অ্যান্ড সার্ভিস ডেলিভারি ডা. সালাহউদ্দীন আহমেদ এবং সংগঠনের সেলস ম্যানেজার জাহিদ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক একেএম আমির হোসেন। তিনি বলেন, এসএমসি দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগী হিসেবে কাজ করে আসছে। প্রজনন ও স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচির কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, এই কার্যক্রমের সুফল সারাদেশের মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি পাওয়া গেছে। এখানে টিএফআর, মাতৃ ও শিশু মৃত্যুর হার সবচেয়ে কম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. রবিউল হক এবং ডা. জান-এ আলম। এ সময় শাহজাহান হাওলাদার, ডা. মো. আব্দুল মান্নান, মো. আনোয়ারুল ইসলাম, বাহাউদ্দীন খন্দকার ও কমলেশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন ডা. খুরশীদ জাহান। চলতি বছর এসএমসি খুলনা এরিয়া অফিসের অধীন বাগেরহাট, নড়াইল, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলা থেকে মোট ৩৬ জন এনজিএমপিকে ব্লু স্টার নেটওয়ার্কে এই প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে।
