ড. ইউনূস ও ওয়ারেন বাফেটকে সম্মাননা দিল ফোর্বস

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৪৮
নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটকে বিশ্বের সেরা দুই শতাধিক ধনীর সম্মেলনে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। জাতিসংঘ ভবনে গত বুধবার ৫ জুন বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উপস্থিত সম্মানিত অতিথিদের স্বাগত জানান। তিনি দারিদ্র্য নিরসন, স্বাস্থ্য সেবার উন্নয়ন ও পরিবেশের মত বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখতে তাদের প্রতি উদাত্ত আহবান জানান। ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস বলেন, এই সম্মেলন কক্ষে উপস্থিত ব্যক্তিবর্গের সম্পদের পরিমাণ প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার । আজীবন সম্মাননা পাওয়া ড. ইউনূস ও ওয়ারেন বাফেটের সম্মানে ওইদিনই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসাবে ড. ইউনূসের কাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে স্টিভ ফোর্বস বলেন, তিনি দারিদ্র্য নিরসনে একজন অসাধারণ অনুঘটক, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মানুষের প্রকৃত শুভ দিকটির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন। ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের আগে রক সংগীতের গুরু বোনো তাকে পরিচয় করিয়ে দেন। ড. ইউনূস সম্পর্কে স্টিভ ফোর্বস’র ঘোষণাকে টেনে এনে ওয়ারেন বাফেট তার বক্তব্যে রসিকতা করে বলেন, আগামীকাল বার্কশিয়ার হ্যাথঅ্যাওয়ের শেয়ার আকাশচুম্বী হবে, কেননা স্টিভ ফোর্বস মুহাম্মদ ইউনূসকে সিইও হিসাবে আমার উত্তরসূরী ঘোষণা করেছেন। এমনকি বিল গেটস, যিনি আমার পরিচালনা পর্ষদের একজন সদস্য, তিনি এই তথ্যটি এখনো জানেন না । আজীবন সম্মাননা পাওয়া ড. ইউনূস বিশ্বের সেরা ধনীদের সামাজিক ব্যবসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি প্রস্তাব করেন, এই ফিলানথ্রোফি সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন, তারা যেন তাদের দানের অর্থের দশ শতাংশ প্রতি বছর সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন। এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিল গেটস, বিল এ্যাকমেন, বোনো, রে চেম্বারস, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, জেফ স্কল প্রমুখ।