বিরোধী দল চাইলে যে কোন বিষয় নিয়ে আলোচনা :স্পিকার

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫১
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধী দল মুলতবি প্রস্তাব জমা দেয়ার পর প্রত্যাহার করেছে। এরপরও বিরোধী দল চাইলে সংসদে যে কোন আলোচনার সুযোগ দেয়া হবে। সংসদে তাদের প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে না। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘জেন্ডার মেইনস্ট্রিমিং ইন বাংলাদেশ পার্লামেন্ট’ শীর্ষক পলিসি ব্রিফ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিরোধী দল যে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলো তা নিয়ে সংসদে কথা বলার পরিবেশ নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে বিরোধী দল আলোচনার সুযোগ বন্ধ করেছে। তারপরও কি সংসদে আলোচনার কোনো সুযোগ রয়েছে? এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদে যেকোন আলোচনা করার সুযোগ দেয়া হবে। পয়েন্ট অব অর্ডার নিয়ে বৈষম্য করা হয়েছে বলে বিরোধী দলের অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, এটি গত বুধবার অধিবেশন চলাকালের ঘটনা। সুনির্দিষ্ট বিধি নিয়ে একটি ভুল বুঝাবুঝি হয়েছিলো। আমি বিরোধী দলকে তাদের পয়েন্ট অব অর্ডার ফরমুলেট করতে বলেছিলাম। কোনো বৈষম্য করা হয়নি। এ প্রসঙ্গে তিনি বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাজেট উপস্থাপনের দিন ছাড়া বাকি সময়ে তারা সংসদে ছিলেন। আগামীতে থাকবেন আশা করি। এর আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার প্রচেষ্টা সাংবিধানিক দায়িত্ব। তিনি সংসদ সদস্য ও স্থানীয় সরকারের বিভিন্ন জনপ্রতিনিধিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সহকারি কান্ট্রি ডিরেক্টর অন ইয়ং হং, আইপিডি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক প্রণব চক্রবর্তী, পলিসি ব্রিফ আইপিইউ-এর জেন্ডার বিশেষজ্ঞ ও গবেষক শেরিল হুইটিংটন প্রমুখ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্যরা, নারী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।